বিসিএস নির্বাচনের ভোট শুরু

১৪ মার্চ, ২০২০ ১১:১০  
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) উইন্ডি টাউন হলে অনুষ্ঠিত হচ্ছে প্রযুক্তিপণ্য ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নির্বাচন। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হয়েছে ২০২০-২২ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটি নির্বাচনের ভোট গ্রহণ। ১০টি বুথে ৮টি কাউন্টারে ভোট নেয়া হচ্ছে। এবার ভোটার ১,১২৬ জন। ভোটে কম্পিউটার ব্যাবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও এমআরপি বাস্তবায়নকে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। মাস্ক পরিহিত অবস্থাতেই অনেককে কেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখা গেছে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও ধীরে ধীরে তা বাড়ছে। ভোট নিয়ে ম্যাটস টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আছুবউল্লাহ্ খান বললেন, ভোট ভালো হচ্ছে। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং এমআরপি বাস্তবায়নকে এবার একটু বেশি গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। অপরদিকে ভোট কেন্দ্রে মাস্ক পরিহিত অবস্থায় মোহাম্মাদ সুমন নামের একজন জানালেন, করোনার ভয় থাকলেও বিদ্যমান সঙ্কটাপন্ন সময়ে এই নির্বাচনকে সকল ব্যবসায়ী গুরুত্বের সঙ্গে নিচ্ছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যামটবের সাবেক মহাসচিব টি আই এম নূরুল কবিরের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করছেন বোর্ডের শেখ কবীর আহমেদ ও বীরেন্দ্র নাথ অধিকারী। নির্বাচনে কার্য নির্বাহী কমিটির ৭ পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১৭ জন। ভোটারদের রায় পেতে মুখিয়ে আছেন দুইটি প্যানেল এবং স্বতন্ত্র ৩ প্রার্থী। প্যানেল দুইটি হচ্ছে  ‘চ্যালেঞ্জার্স ২০২১’ এবং ‘সমমনা-৭’। এদের মধ্য থেকেই ভোটারদের রায়ে নির্বাচিতদের মধ্য থেকে ১৬ মার্চ পদ বণ্টনের মধ্য দিয়ে শুরু হবে নতুন কমিটির যাত্রা।